বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

ইসরায়েলের সাবেক সেনাপ্রধানের ১৯ হাজারের বেশি গোপন ছবি-ভিডিও হ্যাক

ডেস্ক রিপোর্ট।।

দখলদার ইসরায়েলের সাবেক সেনাপ্রধান হারজি হালেভি-র ব্যক্তিগত একাধিক ডিভাইস হ্যাক করার দাবি করেছে ইরানি হ্যাকার গ্রুপ হান্দালা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে গ্রুপটি জানায়, তারা হালেভির ১৯ হাজারের বেশি গোপন ছবি ও ভিডিও সংগ্রহ করেছে। তাদের দাবি, এসব ছবি ও ভিডিওতে সামরিক ঘাঁটি, বৈঠক এবং বিভিন্ন সংবেদনশীল কার্যক্রমের চিত্র রয়েছে।

হান্দালা আরও দাবি করেছে, ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, ক্রাইসিস রুম, মানচিত্র ও কমান্ড সেন্টার সম্পর্কিত বিস্তারিত তথ্য তাদের কাছে দীর্ঘদিন ধরেই রয়েছে।

ইতোমধ্যে হ্যাকার গ্রুপটি কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছে বলে জানানো হয়েছে। এসব ফুটেজে হালেভিকে সামরিক ঘাঁটিতে চলাফেরা, বৈঠক করা এবং ব্যক্তিগত সময় কাটাতে দেখা যায়। পাশাপাশি তার ব্যক্তিগত জীবন ও পরিবারের কিছু ছবিও প্রকাশ করা হয়েছে, যার মধ্যে তার স্ত্রীর সঙ্গে একটি ছবিও রয়েছে। এছাড়া তার পরিচয়পত্রের ছবিও ফাঁস করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

তবে এসব দাবির বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, হান্দালা এর আগেও ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, সাবেক বিচারমন্ত্রী আয়েলেত শাকেদ এবং বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-র ঘনিষ্ঠদের তথ্য হ্যাক করার দাবি করেছিল।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন