মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পেয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরের দিকে ফিরে যাচ্ছে।
বিএসসি সূত্র জানায়, প্রায় ৪০ দিন আটকে থাকার পর সাম্প্রতিক যুদ্ধবিরতির প্রেক্ষাপটে গত বুধবার সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাহাজটি। টানা প্রায় ৪০ ঘণ্টা চলার পর শুক্রবার সকালে প্রণালির কাছাকাছি পৌঁছে ইরান সরকারের কাছে পারাপারের অনুমতি চাওয়া হয়। তবে সেই অনুমতি না পাওয়ায় জাহাজটিকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে অনুমতি চাওয়া হলেও ইরান তা প্রত্যাখ্যান করেছে। বর্তমানে কূটনৈতিকভাবে অনুমতি পাওয়ার চেষ্টা চলছে। নিরাপত্তা বিবেচনায় জাহাজটিকে শারজায় ফিরে যেতে বলা হয়েছে।
তিনি আরও জানান, জাহাজে থাকা ৩১ জন নাবিক নিরাপদে আছেন এবং তাদের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। পানি ব্যবহারে রেশনিং করা হলেও জরুরি চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে। নাবিকদের মনোবল বজায় রাখতে খাবারের বরাদ্দ বাড়ানো হয়েছে এবং বিশেষ ভাতা দেওয়া হচ্ছে।
বিএসসি জানায়, ভারত থেকে পণ্য নিয়ে গত ২ ফেব্রুয়ারি জাহাজটি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে কাতার থেকে স্টিল কয়েল নিয়ে ২৭ ফেব্রুয়ারি জেবেল আলী বন্দরে পৌঁছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর সৃষ্ট উত্তেজনায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
১১ মার্চ পণ্য খালাস শেষ হওয়ার পর কুয়েতে যাওয়ার পরিকল্পনা থাকলেও নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজটিকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি।

