ডেস্ক রিপোর্ট।।
কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্তে পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত মো. সাদেক (২৫) বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০-এর বাসিন্দা। বিস্ফোরণে তার এক পায়ের গোড়ালি উড়ে গেছে এবং অপর পায়ের হাঁটুর নিচের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) আওতাধীন বালুখালী সীমান্তের কাছে মিয়ানমারের ভেতরে ‘নারিকেল বাগান’ এলাকায় এ বিস্ফোরণ ঘটে। শব্দ পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে সহকর্মীরা আহত সাদেককে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে নিয়ে আসেন।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে কুতুপালংয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
প্রাথমিকভাবে জানা গেছে, জীবিকার তাগিদে মাছ ধরতে গিয়ে সাদেকসহ কয়েকজন জেলে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। ফেরার পথে পুঁতে রাখা মাইনে বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন।
এ ঘটনায় সীমান্ত এলাকায় নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিশেষ করে জীবিকার প্রয়োজনে সীমান্ত পারাপার করা রোহিঙ্গা ও স্থানীয় জেলেদের জন্য ঝুঁকি আরও বেড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

