তেলবাহী ট্যাংকার থেকে টোল আদায়ের ক্ষেত্রে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির সংসদীয় উদ্যোগের অংশ হিসেবে টোল আদায়ে ইরানি মুদ্রা রিয়াল ব্যবহারের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শুক্রবার (১০ এপ্রিল) ইরানের জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট একটি কমিশনের বরাতে এ তথ্য জানা গেছে। প্রস্তাব অনুযায়ী, প্রণালিটি ব্যবহারকারী বিদেশি জাহাজগুলোকে টোল হিসেবে রিয়াল পরিশোধ করতে হতে পারে।
এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ইরান টোল আদায়ে বিকল্প মুদ্রা হিসেবে ক্রিপ্টোকারেন্সি বা চীনের ইউয়ান ব্যবহারের পরিকল্পনা করছে। তবে সাম্প্রতিক ঘোষণায় রিয়ালকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি স্পষ্ট করা হয়েছে।
মুম্বাইয়ে অবস্থিত ইরানের কনস্যুলেট জেনারেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে।
বিশ্লেষকরা বলছেন, এ ধরনের পদক্ষেপ বাস্তবায়িত হলে তা আন্তর্জাতিক বাণিজ্য, বিশেষ করে জ্বালানি পরিবহন খাতে প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে বৈশ্বিক অর্থনীতিতে ডলার নির্ভরতা কমানোর কৌশল হিসেবেও বিষয়টি দেখা হচ্ছে।
হরমুজ প্রণালি মধ্যপ্রাচ্যের তেল রপ্তানির একটি গুরুত্বপূর্ণ পথ, যার মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি বিশ্ববাজারে পৌঁছে থাকে। ফলে এ প্রণালিকে ঘিরে যেকোনো নীতিগত পরিবর্তন আন্তর্জাতিক মহলে ব্যাপক গুরুত্ব বহন করে।
সূত্র: আলজাজিরা

