ইরানের সঙ্গে নির্ধারিত সংলাপে অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। দলটির নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। পাকিস্তানের সরকারি সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
মার্কিন প্রতিনিধি দলটি শুক্রবার ওয়াশিংটন থেকে রওনা হয়। তারা যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের সরকারি বিমান ‘এয়ারফোর্স টু’-তে করে ইসলামাবাদে পৌঁছায়। প্রতিনিধি দলে আরও রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার।
যাত্রা শুরুর পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, প্রতিনিধি দলটিকে তিনি “স্পষ্ট নির্দেশনা” দিয়েছেন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল রওনা হওয়ার আগেই ইসলামাবাদে পৌঁছায় ইরানের প্রতিনিধি দল। এ দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।
ইরানি প্রতিনিধিদলে আরও রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ প্রতিনিধিরা। মোট ৭০ জনের বেশি কর্মকর্তা এ দলে অংশ নিয়েছেন।

