ডেস্ক রিপোর্ট।।
বিদেশি ঋণ আর সহায়তা এই জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না বলে মন্তব্য করেছেন শফিকুর রহমান। তিনি বলেন, আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য দেশের নিজস্ব সক্ষমতা বাড়ানো জরুরি।
শনিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট–এ ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব উত্তরণের উপায়’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির।
তিনি বলেন, অতীত থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন, কারণ ভুলের পরিণতি একসময় সামনে এসে দাঁড়ায়। ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয় উল্লেখ করে তিনি বলেন, এতে সমাজের বাস্তব চিত্র অনেক সময় অদৃশ্য হয়ে যায়।
সমাজকে বোঝার জন্য স্বচ্ছ দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, মানুষের কষ্ট ও প্রত্যাশা উপলব্ধি করতে হবে। পাশাপাশি কৃষিখাতের গুরুত্বের ওপর জোর দিয়ে তিনি বলেন, কৃষি টিকে থাকলে দেশও টিকে থাকবে।
তিনি আরও বলেন, সমাজে যার যে গুরুত্ব প্রাপ্য, তাকে সেই অনুযায়ী মূল্যায়ন করা উচিত এবং জাতীয় উন্নয়নে কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

