ডেস্ক রিপোর্ট।।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আলোচিত মডেল ও অ্যাক্টিভিস্ট ফারজানা সিঁথি।
শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে সাংবাদিকদের তিনি জানান, এ বিষয়ে তিনি শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত বক্তব্য দেবেন।
তিনি বলেন, তিনি নড়াইল-২ আসন থেকে ফরম সংগ্রহ করেছেন এবং চূড়ান্ত মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী।
ফারজানা সিঁথির বাড়ি যশোর জেলায়। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ–এর বরগুনা সদর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সেসের ২০১৯–২০ সেশনের শিক্ষার্থী।
এর আগে ২০২৪ সালের ১৬ আগস্ট শাহবাগ থানার একটি ঘটনায় সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন।
এছাড়া তিনি জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর–এর মিউজিক ভিডিও ‘ইচ্ছেরা’ (বাংলা সংস্করণ) এবং হিন্দি সংস্করণ ‘বেপানা দিল’-এ মডেল হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি মডেল ও অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত।

