রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন তিন শিক্ষার্থী

ডেস্ক রিপোর্ট।।

বিভিন্ন দাবিতে আমরণ অনশনে বসা তিন শিক্ষার্থী ৭২ ঘণ্টা পর তাদের কর্মসূচি স্থগিত করেছেন। শনিবার বিকেলে শহীদ পরিবারের সদস্যদের অনুরোধে তারা অনশন ভঙ্গ করেন।

রাজধানীর রাজু ভাস্কর্য প্রাঙ্গণে অনশনরত শিক্ষার্থীদের কাছে বিকেল ৩টার দিকে উপস্থিত হন জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যরা। এ সময় তারা শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানান এবং বৃহত্তর আন্দোলনের আশ্বাস দিয়ে অনশন থেকে সরে আসার আহ্বান জানান।

পরবর্তীতে শহীদ পরিবারের সদস্যদের অনুরোধে শিক্ষার্থীরা ডাবের পানি পান করে অনশন ভঙ্গ করেন। পরে তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এর জরুরি বিভাগে নেওয়া হয়।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল একই স্থানে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং গুম প্রতিরোধে জরুরি অধ্যাদেশ জারির দাবিতে প্রথমে একজন শিক্ষার্থী অনশনে বসেন। পরে আরও দুইজন এতে যোগ দেন।

অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন— মো. সাদিক মুনওয়ার মুনেম (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), সাকিবুর রহমান (সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) এবং শেখ মোস্তাফিজ (মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়)।

দীর্ঘ সময় খাবার ও পানি গ্রহণ না করায় তাদের শারীরিক অবস্থা দুর্বল হয়ে পড়ে। অনশন ভঙ্গের সময় সেখানে উপস্থিত শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন