বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

২১ ঘণ্টার বৈঠকেও মিলল না সমঝোতা, কোনো চুক্তি ছাড়াই ফিরে যাচ্ছেন জেডি ভ্যান্স

ডেস্ক রিপোর্ট।।

দীর্ঘ ২১ ঘণ্টার টানা আলোচনার পরও পারমাণবিক ইস্যুতে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি ইরান ও যুক্তরাষ্ট্র। পাকিস্তানে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠক ব্যর্থ হওয়ায় মার্কিন প্রতিনিধি দল ইতোমধ্যে ওয়াশিংটন-এর উদ্দেশ্যে রওনা দিয়েছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গণমাধ্যমকে জানিয়েছেন, আলোচনায় যুক্তরাষ্ট্র তাদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছিল। তবে ইরান সেই শর্তগুলো মেনে নিতে অস্বীকৃতি জানানোয় অচলাবস্থা তৈরি হয়েছে।

তিনি বলেন, “আমরা গঠনমূলক আলোচনা করেছি এবং একটি চুক্তিতে পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত কোনো সমাধান হয়নি, যা ইরানের জন্যই বেশি নেতিবাচক।”

পাকিস্তানের ভূমিকার প্রশংসা করে ভ্যান্স বলেন, পাকিস্তান উভয় পক্ষের মধ্যে সেতুবন্ধন তৈরিতে আন্তরিকভাবে কাজ করেছে এবং এই ব্যর্থতার জন্য তাদের দায়ী করা যায় না।

আলোচনার মূল ইস্যু ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্র চায়, ইরান স্থায়ীভাবে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত থাকার নিশ্চয়তা দিক। পাশাপাশি দ্রুত অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনেও নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি গুরুত্ব পায়।

ভ্যান্স আরও জানান, আলোচনার পুরো সময়জুড়ে প্রতিনিধি দলটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে এবং একটি “চূড়ান্ত প্রস্তাব” ইরানের সামনে উপস্থাপন করা হয়।

যদিও তাৎক্ষণিকভাবে কোনো অগ্রগতি হয়নি, তবে ভবিষ্যতে আলোচনার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়নি। এখন আন্তর্জাতিক মহল নজর রাখছে, দুই দেশ আবারও আলোচনায় বসবে কি না।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন