ইরান-এর উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ত্যাগ করেছে। পাকিস্তান-এর মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-এর সঙ্গে দীর্ঘ আলোচনায় কোনো সমঝোতা না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেহের নিউজ-এর বরাতে আল জাজিরা জানিয়েছে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি-এর নেতৃত্বে থাকা প্রতিনিধি দল রোববার (১২ এপ্রিল) দেশটি ছাড়ে।
এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-ও ইসলামাবাদ ত্যাগ করে যুক্তরাষ্ট্রে ফিরে যান। তিনি জানান, প্রায় ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনার পরও কোনো চুক্তি হয়নি এবং ইরান মার্কিন শর্ত মেনে নেয়নি।
তবে আলোচনার পথ পুরোপুরি বন্ধ হয়নি। তেহরান থেকে দেওয়া এক বার্তায় জানানো হয়েছে, আলোচনা অব্যাহত থাকবে এবং ইতোমধ্যে বিষয়টি কারিগরি পর্যায়ে অগ্রসর হয়েছে।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে উভয় পক্ষ লিখিত প্রস্তাব বিনিময় করছে এবং বিশেষজ্ঞ পর্যায়ের দল এসব প্রস্তাবের প্রভাব ও বিস্তারিত দিক যাচাই করছে। ইরান জানিয়েছে, কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো মতপার্থক্য থাকলেও সংলাপ চালিয়ে যাওয়ার ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
বিশ্লেষকদের মতে, সরাসরি আলোচনায় অগ্রগতি না এলেও কারিগরি পর্যায়ের এই প্রক্রিয়া ভবিষ্যতে সমঝোতার পথ খুলে দিতে পারে।
এদিকে পাকিস্তান মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন এবং টেকসই যুদ্ধবিরতি নিশ্চিত করতে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এই প্রক্রিয়ায় রাজনৈতিক, নিরাপত্তা ও কারিগরি প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

