রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

সাকিবের সঙ্গে প্রধান নির্বাচকের আলোচনা, দলে ফেরার ইঙ্গিত

ডেস্ক রিপোর্ট।।

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান-এর দলে ফেরার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

শনিবার (১১ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, সাকিবের দলে ফেরা নির্ভর করছে তার ফিটনেস, প্রাপ্যতা এবং নির্দিষ্ট ভেন্যুতে খেলার সক্ষমতার ওপর।

তিনি বলেন, “বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে—সাকিবের অ্যাভেইলঅ্যাবিলিটি, ফিটনেস ও অ্যাকসেসিবিলিটি বিবেচনায় রাখা হবে। এছাড়া যেখানে খেলা হবে, সেখানে উপস্থিত থাকার সক্ষমতা থাকলে তাকে অবশ্যই নির্বাচনের জন্য বিবেচনা করা হবে।”

সাকিবের বর্তমান প্রস্তুতি নিয়েও প্রশ্ন তুলেছেন প্রধান নির্বাচক। তার ভাষায়, “তার সঙ্গে আমার কয়েকবার কথা হয়েছে। আমি জানতে চেয়েছি সে কতটা প্রস্তুত। যেহেতু সে এখন যেখানে আছে, সেখানে নিয়মিত ক্রিকেট খেলা হয় না। ফিটনেস ট্রেনিং করা গেলেও ম্যাচ প্র্যাকটিসের ঘাটতি রয়েছে।”

তবে সব শর্ত পূরণ হলে সাকিবকে আবারও দীর্ঘমেয়াদে দলে দেখতে চান নির্বাচকরা। সুমন বলেন, “সবকিছু ঠিক থাকলে আমরা অবশ্যই তাকে দীর্ঘ সময়ের জন্য দলে চাই।”

বিশ্লেষকদের মতে, বাংলাদেশের অন্যতম সেরা এই অলরাউন্ডারের ফেরা দলের ভারসাম্য ও অভিজ্ঞতায় বড় প্রভাব ফেলতে পারে, তবে তার ম্যাচ ফিটনেসই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন