দেশে আপাতত ভোজ্যতেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রোববার অনুষ্ঠিত বৈঠকের পর তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতসহ বৈশ্বিক পরিস্থিতির কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। এ অবস্থায় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা সরকারের প্রধান লক্ষ্য।
মন্ত্রী বলেন, “ভোজ্যতেল একটি সংবেদনশীল পণ্য। এর দাম বাড়লে সরাসরি ভোক্তাদের ওপর চাপ পড়ে। তাই আমরা নিয়মিত সরবরাহ ও আমদানি পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত দাম বাড়ানোর মতো কোনো সিদ্ধান্ত হয়নি।”
বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে তেল সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তারা এর আগে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল।
জানা গেছে, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন গত ৯ এপ্রিল দাম বৃদ্ধির প্রস্তাব দেয়। তবে তা যাচাই-বাছাই করে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয় দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
এদিকে, তেল সরবরাহকারীদের সঙ্গে বৈঠকে দাম অপরিবর্তিত রেখে কীভাবে তাদের মুনাফা সমন্বয় করা যায়, সে বিষয়ে কিছু বিকল্প সুবিধা দেওয়ার আলোচনা হয়েছে। যদিও এসব সুবিধার ধরন এখনো চূড়ান্ত হয়নি।
সংশ্লিষ্টরা বলছেন, বাজার স্থিতিশীল রাখতে সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

