সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট।।

বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে আবারও আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “এটি কোনো দল বা জোটের বিষয় নয়, এটি বাংলাদেশকে রক্ষা করার বিষয়। জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সে লক্ষ্যেই আমরা ঐক্যবদ্ধ আছি।”

তিনি স্বীকার করেন, অন্তর্বর্তী সরকারের সময় সব ক্ষেত্রে পাশে দাঁড়ানো সম্ভব হয়নি, তবে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন। একই সঙ্গে বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে তারা কতটা কার্যকর ভূমিকা রাখছে, তা দেখার বিষয়।

জুলাই-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রসঙ্গে তিনি বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও সংশ্লিষ্ট অধিদপ্তর কিছু উদ্যোগ নিলেও অনেক ক্ষেত্রে অনীহা দেখা যাচ্ছে।

সমাবেশে উপস্থিত শহীদ পরিবারগুলোর প্রতি তিনি বলেন, “আপনারা আন্দোলনে অনেক ত্যাগ স্বীকার করেছেন। এবার সামনে থাকবো আমরা। প্রয়োজনে গুলি আগে আমাদের বুকেই লাগবে।”

তিনি আরও বলেন, দেশের স্বার্থে যেকোনো শক্তির বিরুদ্ধেই তারা লড়াই চালিয়ে যাবেন এবং সংস্কার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজপথে থাকার প্রস্তুতি রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন