সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

জাতিকে বর্তমান দুর্যোগে টেনে এনেছে বিএনপি: নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট।।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জাতিকে বর্তমান দুর্যোগে টেনে এনেছে বিএনপি। বিএনপিকে এর দায়ভার এবং পরিণতি ভোগ করতে হবে।

সোমবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইডিবি) মিলনায়তনে আয়োজিত ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, দেশে চলমান দুর্যোগ পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। হাম রোগে শিশু মৃত্যুর ঘটনা, চিকিৎসা সংকট, আইসিইউ শয্যার অভাব এবং জ্বালানি সংকট—সব মিলিয়ে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাষ্ট্র সংস্কারের যে দাবি তোলা হয়েছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি। বরং একই বিষয় নিয়ে আবারও আন্দোলনের প্রস্তুতি নিতে হচ্ছে। তার মতে, এই পরিস্থিতির জন্য বিএনপি দায়ী এবং তাদের এই দায় এড়ানোর সুযোগ নেই।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, গণঅভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল একটি স্বৈরাচারমুক্ত নতুন ব্যবস্থা গড়ে তোলা। কিন্তু গণভোট-পরবর্তী পরিস্থিতিতে সেই লক্ষ্য পূরণ হয়নি বলে দাবি করেন তিনি। বরং গণরায়ের প্রতি অবজ্ঞা দেখানো হয়েছে এবং কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে বলে অভিযোগ তোলেন।

তিনি আরও বলেন, বিএনপি একদিকে ‘জুলাই সনদ’ মেনে চলার কথা বললেও, অন্যদিকে গণভোটের ভিত্তি হিসেবে ব্যবহৃত ‘জুলাই আদেশ’-কেই অবৈধ বলছে, যা রাজনৈতিক দ্বিচারিতার উদাহরণ।

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সেমিনারে বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণভোট-পরবর্তী সংকট এবং ভবিষ্যৎ রাজনৈতিক করণীয় নিয়ে আলোচনা করেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন