বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

ডেস্ক রিপোর্ট।।

দেশে শিশুদের হামসহ বিভিন্ন রোগ প্রতিরোধে ব্যবহৃত টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের দুই আইনজীবী বিপ্লব কুমার দাশ ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুদক চেয়ারম্যান বরাবর এই আবেদন দাখিল করেন।

আবেদনে সাম্প্রতিক সময়ে সারা দেশে হামের প্রাদুর্ভাব এবং এতে শিশুমৃত্যুর ঘটনাকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করা হয়। এতে বলা হয়, টিকা সংকট ও স্বাস্থ্য সরবরাহ ব্যবস্থার ঘাটতির কারণে রোগের বিস্তার বাড়ছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

এছাড়া আবেদনে দাবি করা হয়, টিকা ও সিরিঞ্জ সরবরাহ ও ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতির কারণে জনস্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে। বিষয়টির দায় নির্ধারণে পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন রয়েছে বলে তারা মত দেন।

আবেদনে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

তবে অভিযোগগুলোর বিষয়ে এখনো সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দুদক সূত্র জানিয়েছে, আবেদনটি প্রাথমিকভাবে পর্যালোচনার প্রক্রিয়ায় রয়েছে।

বিশ্লেষকদের মতে, জনস্বাস্থ্য সংকটকে ঘিরে এ ধরনের অভিযোগ রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি করতে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন