বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

নববর্ষকে সামনে রেখে মৃৎশিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় কাদা মাটি প্রাণ পাচ্ছে শিল্পকর্মে

নেত্রকোণা প্রতিনিধি

দোরগোড়ায় বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আর এই নববর্ষকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে নেত্রকোণার মৃৎশিল্পীদের আঙিনা। মাটির পুতুল, হাতি-ঘোড়া আর শৌখিন খেলনা তৈরিতে এখন দম ফেলার ফুসরত নেই কুমোরপাড়ায়। পূর্বপুরুষের এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে প্রতিকূলতার মাঝেও কাজ করে যাচ্ছেন তারা।

জানা যায়, নেত্রকোণায় মৃৎশিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় কাদা মাটি প্রাণ পাচ্ছে শিল্পকর্মে। সারা জেলার ন্যায় নেত্রকোণা সদর উপজেলার বড়গাড়া গ্রামের কুমোরপাড়ায় বইছে উৎসবের আমেজ। বাংলা নববর্ষ সামনে রেখে দিন-রাত এক করে কাজ করছেন মৃৎশিল্পীরা। বৈশাখী মেলার প্রধান আকর্ষণ মাটির খেলনা। তাই বড়গাড়ার ঘরে ঘরে এখন শোভা পাচ্ছে মাটির পুতুল, ব্যাংক, হাতি-ঘোড়া আর পালকিসহ হরেক রকমের ঐতিহ্যবাহী খেলনা। বছরের অন্য সময় চাহিদা কম থাকলেও, বৈশাখ এলেই ব্যস্ততা বেড়ে যায় কয়েক গুণ।

​মৃৎশিল্পীগণ জানান – আধুনিক যুগে প্লাস্টিক পণ্যের ভিড়ে হারিয়ে যাচ্ছে মাটির জিনিসের কদর। শিল্পীরা বলছেন, আগের মতো লাভ না থাকলেও কেবল বাপ-দাদার স্মৃতি আর ভালোবাসা থেকে ধরে রেখেছেন এই পেশা।

সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে নেত্রকোণার এই মৃৎশিল্প আবারো তার হারানো গৌরব ফিরে পাবে-এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

নেত্রকোণা বিসিক-এর উপব্যবস্থাপক সুব্রত কুমার কর জানান – এক সময়ের সমৃদ্ধ এই ঐতিহ্যবাহী শিল্পকে বাঁচিয়ে রাখতে ক্ষুদ্র ঋণ সহায়তাসহ কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে মৃৎশিল্পীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন