মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

ইরানের বন্দর হুমকিতে পড়লে ওমান ও পারস্য সাগরের কোনো বন্দর নিরাপদ থাকবে না

ডেস্ক রিপোর্ট।।

ইরানের ওপর চাপ বাড়াতে দেশটির বন্দর ও উপকূলীয় এলাকায় নৌ-অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। সোমবার থেকে কার্যকর হওয়া এই পদক্ষেপকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং বিশ্ববাজারে জ্বালানির দামে ঊর্ধ্বগতির আশঙ্কা দেখা দিয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানি বন্দর ও উপকূলীয় এলাকায় প্রবেশকারী বা সেখান থেকে ছেড়ে যাওয়া সব দেশের জাহাজের ওপর এই অবরোধ কার্যকর করা হবে। তবে পরবর্তীতে কিছুটা শিথিলতা এনে বলা হয়েছে, ইরান-বহির্ভূত বন্দরগুলোর মধ্যে চলাচলকারী জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে।

এ ঘোষণার পরপরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, পারস্য উপসাগর ও ওমান সাগরের নিরাপত্তা “সবার জন্য, না হলে কারো জন্যই নয়”। ইরানের সামরিক বাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) একই ধরনের হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, পরিস্থিতি আরও জটিল হলে পুরো অঞ্চল অনিরাপদ হয়ে উঠতে পারে।

বিশ্লেষকদের মতে, এই অবরোধ কার্যকর হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়তে পারে। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হওয়ায় এখানে উত্তেজনা বৃদ্ধি বিশ্ব অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এদিকে লয়েডস লিস্ট ইন্টেলিজেন্স জানিয়েছে, অবরোধ ঘোষণার পর থেকেই প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। যুদ্ধবিরতির পর এখন পর্যন্ত মাত্র ৪০টি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে, যেখানে সংঘাতের আগে প্রতিদিন ১০০ থেকে ১৩৫টি জাহাজ এই পথে যাতায়াত করত।

পরিস্থিতি পর্যবেক্ষণকারী মহল মনে করছে, কূটনৈতিক সমাধান না এলে এই উত্তেজনা দ্রুত বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে।

 

সূত্র: এপি

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন