যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা সংলাপ ইরানের সদিচ্ছার ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তিনি বলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত ওয়াশিংটন কোনো চুক্তিতে যেতে প্রস্তুত নয়।
সোমবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে সাংবাদিক ব্রেট বেইয়ার জানতে চান, ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় যুক্তরাষ্ট্র আগ্রহী কি না।
জবাবে ভ্যান্স বলেন, “এই প্রশ্নের উত্তর ইরানিদের কাছ থেকেই আসা উচিত, কারণ বল এখন তাদের কোর্টে।”
তিনি আরও বলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে দৃঢ় প্রতিশ্রুতি দেয়, তাহলে দুই দেশের জন্যই একটি ভালো চুক্তির সম্ভাবনা রয়েছে। তবে তেহরান রাজি না হলে সেটি তাদের সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তিনি।
গত ১১ এপ্রিল ইসলামাবাদ-এ অনুষ্ঠিত বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভ্যান্স এবং ইরানি দলের নেতৃত্ব দেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। প্রায় ২১ ঘণ্টা আলোচনা চললেও কোনো সমঝোতা চুক্তি স্বাক্ষর ছাড়াই বৈঠক শেষ হয়।
ভ্যান্স জানান, ওই বৈঠকে ইরানি প্রতিনিধিরা চুক্তি স্বাক্ষরের অবস্থানে ছিলেন না। তাদেরকে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তেহরানে ফিরে সর্বোচ্চ নেতৃত্বের অনুমোদন নিতে হতো।
ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে ওয়াশিংটন-তেহরান দ্বন্দ্ব চলমান। সাম্প্রতিক উত্তেজনা ও সংঘাতের পর কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে উভয় দেশ সংলাপে বসেছে।
তবে ইসলামাবাদ বৈঠকে চুক্তি না হলেও সেটিকে পুরোপুরি ব্যর্থ মনে করেন না ভ্যান্স। তার মতে, আলোচনা কিছু অগ্রগতি এনেছে এবং ভবিষ্যতে একটি সমঝোতার সম্ভাবনা এখনও রয়েছে—যদিও পরবর্তী পদক্ষেপ এখন ইরানের ওপরই নির্ভর করছে।
সূত্র: সিএনএন

