সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে: ডা. জাহেদ

ডেস্ক রিপোর্ট।।

তথ্য অধিদপ্তর আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে গণপিটুনি ও মব জাস্টিসের মতো ঘটনাকে কঠোরভাবে দমন করার ঘোষণা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় মব বা গণপিটুনির মতো ঘটনাকে প্রশ্রয় দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া গ্রহণযোগ্য নয়।

তিনি জানান, অপরাধের বিচার করার একমাত্র কর্তৃত্ব রাষ্ট্রের, ব্যক্তিগত বা গোষ্ঠীগতভাবে কাউকে শাস্তি দেওয়ার সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ড সমাজে অরাজকতা সৃষ্টি করে এবং এটি দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত।

সরকারি এই উপদেষ্টা আরও বলেন, সাম্প্রতিক সময়ে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সমাজে ভুল ধারণা তৈরি হয়েছে, যেখানে অনেকে মনে করছেন ইচ্ছেমতো শাস্তি দেওয়া যেতে পারে। এই প্রবণতা থেকে বেরিয়ে আসার জন্য জনসচেতনতা বাড়ানো জরুরি।

তিনি স্বীকার করেন, প্রশাসনিক কিছু দুর্বলতার কারণে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে তিনি আরও জানান, সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে বিশ্বাসী এবং সংগঠিত সহিংসতা বা গণপিটুনির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে সব পদক্ষেপই বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

শেষে তিনি জনগণকে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আস্থা রাখার আহ্বান জানান এবং যেকোনো পরিস্থিতিতে আইন নিজের হাতে না নেওয়ার জন্য সতর্ক করেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন