বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

সোনারগাঁয়ে ৩ দিনব্যাপী বউমেলা শুরু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শুরু হয়েছে শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী বউমেলা । পহেলা বৈশাখ থেকে শুরু হয়েছে ৩দিনব্যাপী এ বউ মেলা

সকালে জয়রামপুর এলাকায় ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের বটতলায় গিয়ে দেখা যায়, বটবৃক্ষের নিচে সারিবদ্ধভাবে বিভিন্ন ফল-ফলাদির ঝুড়ি নিয়ে পূজা-অর্চনার জন্য দাঁড়িয়ে আছেন নববধূ থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ। তাদের সঙ্গে সেজে দাঁড়িয়ে ছিলেন সনাতনী কুমারী নারীরা।

বউ মেলায় অংশগ্রহণকারীদের অধিকাংশ নারী হলেও পুরুষরাও এতে অংশগ্রহণ করেন। তবে সংখ্যায় কম। পূজা-অর্চনা ছাড়াও বউ মেলায় বাঙালি সংস্কৃতির প্রাচীন ঐতিহ্য খুঁজে পাওয়া যায়।

এ মেলায় মৃৎ শিল্পীদের তৈরি নানা রঙের টেপা পুতুল, হাতি, ঘোড়া, ময়না, টিয়া, বাঘ-ভাল্লুক, হাঁড়ি-পাতিল থেকে শুরু করে মণ্ডা-মিঠাইয়ের দোকান বসে। এছাড়া বাহারি মিষ্টান্ন সামগ্রীও পাওয়া যায়।

স্থানীয় হিন্দু ধর্মালম্বীরা জানান, তাদের কাছে এ বটবৃক্ষটি হয়ে উঠেছে পূণ্যের দেবতা। তাই হিন্দু সম্প্রদায়ের কাছে বটবৃক্ষটি সিদ্ধেশ্বরী দেবতা নামে পরিচিত। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী নারীরা সারা বছর অপেক্ষায় থাকেন সিদ্ধেশ্বরী বটতলার এ মেলার জন্য। তাদের দেবতার সন্তুষ্টির জন্য কবুতর উড়ানো ও পাঁঠা বলি দেওয়া হয়।

মেলার আয়োজক নিলোৎপল রায় জানান, প্রায় শত বছরের বেশি সময় ধরে এই সার্বজনীন পূজার আয়োজন করা হচ্ছে। তিন দিনব্যাপী এই মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। এলাকার শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাই এই মেলার মূল উদ্দেশ্য।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন