ডেস্ক রিপোর্ট।।
বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ পেসার রুবেল হোসেন আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
৩৬ বছর বয়সী এই পেসার তার বার্তায় বলেন, বাংলাদেশের জার্সিতে খেলা ছিল তার জীবনের সবচেয়ে বড় আবেগ। তিনি জাতীয় দলের হয়ে ২৭টি টেস্ট, ১০৪টি ওয়ানডে এবং ২৮টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছেন।
অবসরের ঘোষণা দিয়ে রুবেল লিখেছেন,
“জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হয়। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম।”
তবে আন্তর্জাতিক অঙ্গন থেকে সরে দাঁড়ালেও ক্রিকেট ছাড়ছেন না এই ডানহাতি পেসার। তিনি জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে তার।
এ সময় পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রুবেল। তিনি সবার কাছে ভালোবাসা ও সমর্থন কামনা করে তার বার্তা শেষ করেন।
বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিনের অবদানের জন্য রুবেল হোসেনকে ইতোমধ্যেই ভক্তরা শুভেচ্ছা ও সম্মান জানাচ্ছেন।

