বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট।।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা যদি হীন দলীয় স্বার্থে আমাদের ইতিহাসের জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে কার্পণ্য করি তাহলে ভবিষ্যতের ইতিহাস আমাদের ক্ষমা করবে না।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পেছনে বীর শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয়। মুক্তিযুদ্ধে আহত ও পঙ্গু মুক্তিযোদ্ধাদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান তিনি। তাদের অবদান দেশের মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পরবর্তী বিভিন্ন সংকটময় সময়ে যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের সবাইকে সম্মানের সঙ্গে স্মরণ করা উচিত।

স্বাধীনতা পুরস্কারকে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন ক্ষেত্রে দেশের জন্য অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দিতেই এ পুরস্কার প্রবর্তন করা হয়। তিনি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে অবদান রাখা সব জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা জানান।

তারেক রহমান বলেন, “আমরা যদি হীন দলীয় স্বার্থে আমাদের ইতিহাসের জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে কার্পণ্য করি, তাহলে ভবিষ্যতের ইতিহাস আমাদের ক্ষমা করবে না।”

তিনি আরও বলেন, ঐতিহাসিক সত্যকে স্বীকার করতে দ্বিধা করা হীনমন্যতার পরিচায়ক। দেশকে এগিয়ে নিতে বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিশোধ ও অযথা বিতর্ক পরিহার করে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে এ বছর বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, পুরস্কারপ্রাপ্তদের অবদান ভবিষ্যৎ প্রজন্মকে দেশগঠনে অনুপ্রাণিত করবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন