ইরান যদি চলমান সংকট নিরসনে কোনো চুক্তিতে না আসে, তবে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছে—এমন সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিতে আহ্বান জানিয়েছে। তবে ভুল সিদ্ধান্ত নিলে তার পরিণতি মোকাবিলার জন্য মার্কিন বাহিনী প্রস্তুত।
হেগসেথ জানান, ইরানের ওপর চাপ বজায় রাখতে দেশটির বন্দর অবরোধ অব্যাহত রাখা হবে এবং প্রয়োজন হলে তা দীর্ঘ সময় ধরে চালানো হবে। তিনি দাবি করেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর বর্তমানে কার্যত নিয়ন্ত্রণ রাখছে মার্কিন নৌবাহিনী।
ইরানের সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ইরান নিজেদের প্রণালির নিয়ন্ত্রক হিসেবে দাবি করলেও তাদের কার্যকর নৌবাহিনী নেই। বাণিজ্যিক জাহাজে হামলার হুমকিকে তিনি ‘নিয়ন্ত্রণ’ নয়, বরং ‘জলদস্যুতা ও সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরানের নেতৃত্ব দুর্বল হলেও যুদ্ধবিরতি বজায় রাখার বিষয়ে তাদের আগ্রহ রয়েছে। তবে পরিস্থিতি এখনও অনিশ্চিত এবং যেকোনো সময় তা পরিবর্তিত হতে পারে।
এছাড়া ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর অবস্থান নিয়েও মন্তব্য করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, এখন পর্যন্ত তারা সংঘাত থেকে দূরে রয়েছে, যা ইতিবাচক হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এমন বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে এবং হরমুজ প্রণালিকে কেন্দ্র করে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নতুন ঝুঁকির মুখে পড়তে পারে।

