ডেস্ক রিপোর্ট।।
চলমান যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, লেবানন–এ চলমান যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রণালিটি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালু করা হচ্ছে। ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থার নির্ধারিত সমন্বিত রুট অনুযায়ী এই চলাচল পরিচালিত হবে।
এর আগে, চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নৌ অবরোধ শুরু করার ঘোষণা দেয়। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর হামলার জবাবে ইরান কয়েক সপ্তাহ ধরে বিশ্বের অন্যতম ব্যস্ত তেল পরিবহন পথটি কার্যত বন্ধ করে রাখে।
তবে ইরানের এই সিদ্ধান্তে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি খুলে দেওয়ার ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে স্বস্তি ফিরতে পারে এবং বাজারে অস্থিরতা কিছুটা কমতে পারে।

