মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ডেস্ক রিপোর্ট।।

বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড আজ শনিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।

শনিবার স্থানীয় সময় দুপুরে ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, “হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ পূর্বের অবস্থায় ফিরে এসেছে। পুরো প্রণালির ব্যবস্থাপনা সামরিক বাহিনীর অধীনে থাকবে।”

এর আগে শুক্রবার বিদেশি বাণিজ্যিক জাহাজের জন্য প্রণালিটি খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, লেবাননে যুদ্ধবিরতি চলাকালে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক থাকবে, তবে নির্ধারিত রুট মেনে চলতে হবে।

তবে এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দাবি করেন, ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত দেশটির বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ বহাল থাকবে।

এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালির পরিস্থিতি দীর্ঘ সময়ের জন্য উন্মুক্ত থাকবে না।

এর কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে সামরিক নিয়ন্ত্রণ জারি করে ইরান, ফলে আবারও অনিশ্চয়তায় পড়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে জ্বালানি ও বাণিজ্য পরিবহন।

বিশ্বের মোট তেল বাণিজ্যের বড় একটি অংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে যেকোনো ধরনের নিষেধাজ্ঞা বা অবরোধ বৈশ্বিক জ্বালানি বাজার ও শিপিং খাতে সরাসরি প্রভাব ফেলে।

সর্বশেষ পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক শিপিং খাতে উদ্বেগ তৈরি হয়েছে, তবে এখনো কোনো স্থায়ী সমাধান বা চুক্তির ঘোষণা আসেনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন