রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

কাটছে না সয়াবিন তেলের সংকট

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর বাজারগুলোতে বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটছে না। প্রায় দুই মাস ধরে চলা এই সংকটে এখন আরও প্রকট আকার ধারণ করেছে, ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।

বাজার ঘুরে দেখা গেছে, পরিচিত ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল এখন অনেকটাই দুষ্প্রাপ্য। আগে যেখানে বিকল্প বা অপরিচিত ব্র্যান্ডের তেল পাওয়া যেত, বর্তমানে সেগুলোর সরবরাহও কমে গেছে। অনেক দোকানেই বোতলজাত তেল একেবারেই নেই।

এ পরিস্থিতিতে কিছু দোকানি তাদের নির্দিষ্ট বা পরিচিত ক্রেতাদের জন্য গোপনে তেল সংরক্ষণ করে বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। অপরিচিত ক্রেতাদের অনেক সময় ‘তেল নেই’ বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

অন্যদিকে, এই সংকটের সুযোগে খোলা সয়াবিন তেলের দাম বেড়ে গেছে। ঈদুল ফিতরের আগে যেখানে প্রতি কেজি ২০০ টাকার ওপরে উঠেছিল, বর্তমানে তা ২১০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। খোলা পাম তেলও বিক্রি হচ্ছে ১৯০ থেকে ১৯৫ টাকা কেজি দরে। তবে বোতলজাত সয়াবিন তেলের সরকারি নির্ধারিত দাম এখনও লিটারপ্রতি ১৯৫ টাকাই রয়েছে।

রাজধানীর বিভিন্ন সুপারশপেও অনিয়মিতভাবে বোতলজাত তেল পাওয়া যাচ্ছে। কিছু কিছু দোকানে সীমিত পরিমাণে বিক্রি হলেও অনেক সময় বিক্রি বন্ধ রাখা হচ্ছে।

মুদি দোকানিদের অভিযোগ, ডিলারদের কাছ থেকে চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না। অনেক ক্ষেত্রে তেল পেতে হলে অন্যান্য পণ্য কিনতে বাধ্য করা হচ্ছে। পাশাপাশি পরিবহন খরচ বৃদ্ধি ও কমিশন কমে যাওয়ায় বোতলজাত তেল বিক্রিতে আগ্রহ হারাচ্ছেন খুচরা বিক্রেতারা।

ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদক কোম্পানিগুলোর ব্যয় বেড়েছে। তবে সরকার দাম বাড়ানোর অনুমতি না দেওয়ায় তারা সরবরাহ কমিয়ে দিয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে এবং সাধারণ মানুষের ওপর এর প্রভাব আরও তীব্র হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন