যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় দফার আলোচনায় এখনো রাজি হয়নি ইরান। এমনকি এ বিষয়ে কোনো নির্দিষ্ট তারিখও নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।
শনিবার অজ্ঞাত এক সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আলোচনার সময় যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি উপস্থাপন করেছে বলে মনে করছে তেহরান। এ কারণে ওই দাবিগুলো প্রত্যাহার না করা পর্যন্ত নতুন করে আলোচনায় বসতে আগ্রহী নয় ইরান।
সূত্রটি আরও জানায়, পাকিস্তান-এর এক মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের অবস্থান ও শর্ত পাঠিয়ে দিয়েছে তেহরান। বার্তায় স্পষ্ট করে বলা হয়েছে, ফলপ্রসূ নয় এমন দীর্ঘমেয়াদি আলোচনায় সময় নষ্ট করতে চায় না ইরান।
এদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদেহ জানিয়েছেন, উভয় পক্ষ একটি অভিন্ন কাঠামোতে সম্মত না হওয়া পর্যন্ত কোনো আলোচনা সম্ভব নয়। তিনি বলেন, “কাঠামো নির্ধারণ না হলে আলোচনার তারিখ ঠিক করা যাবে না।”
তিনি আরও জোর দিয়ে বলেন, যেকোনো আলোচনায় ইরান আন্তর্জাতিক আইনের অধীনে নিজের অধিকার অক্ষুণ্ণ রাখবে এবং সেই অধিকার বিসর্জন দেওয়ার প্রশ্নই আসে না।
সূত্র: আল জাজিরা

