ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও অভিনেত্রী তানিয়া চ্যাটার্জিকে ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হওয়া বিতর্ক এবার আইনি পর্যায়ে গড়িয়েছে বলে দাবি করেছেন তানিয়া।
সম্প্রতি একটি ভিডিওতে তানিয়া চ্যাটার্জি জানান, ইনস্টাগ্রামে চাহালের সঙ্গে তার একটি সাধারণ কথোপকথন নিয়েই এই বিতর্কের সূত্রপাত। তার দাবি, একবার তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে চাহালের কাছ থেকে ‘কিউট’ মন্তব্য পেয়েছিলেন, যা তিনি পরবর্তীতে একটি আলোচনার সময় উল্লেখ করেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। এ নিয়ে তানিয়া বলেন, বিষয়টি তিনি স্বাভাবিকভাবেই শেয়ার করেছিলেন এবং এতে কোনো নেতিবাচক উদ্দেশ্য ছিল না। তার ভাষ্য, “কাউকে প্রশংসা করার মধ্যে কোনো ভুল নেই। আমি শুধু সহজভাবে বিষয়টি বলেছি।”
তানিয়ার অভিযোগ, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তিনি ট্রোলিং ও সমালোচনার মুখে পড়েন। একই সঙ্গে তিনি দাবি করেন, যুজবেন্দ্র চাহাল তার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন এবং এ সংক্রান্ত একটি আইনি নোটিশ ইমেইলের মাধ্যমে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ বিষয়ে তিনি আইনজীবীর শরণাপন্ন হয়েছেন। তবে মামলার আর্থিক পরিমাণ প্রকাশ না করার পরামর্শ পেয়েছেন বলে উল্লেখ করেন।
অন্যদিকে, এই অভিযোগ বা বিতর্ক নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি চাহাল। বর্তমানে তিনি পাঞ্জাব কিংস-এর হয়ে আইপিএলে খেলছেন।
উল্লেখ্য, তানিয়া চ্যাটার্জি কলকাতাভিত্তিক একজন অভিনেত্রী ও ডিজিটাল কনটেন্ট নির্মাতা। তিনি বিভিন্ন ওটিটি প্রজেক্টে কাজের মাধ্যমে পরিচিতি পেয়েছেন এবং সামাজিক মাধ্যমে তার উল্লেখযোগ্য অনুসারী রয়েছে।

