সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট।।

অতীতে ছাত্রলীগ, ছাত্রদল বা ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত থাকলেও ভবিষ্যতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দেওয়ার সুযোগ থাকবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

রোববার (১৯ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আসা নেতাদের যোগদান উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, অতীতে কারও রাজনৈতিক পরিচয় কী ছিল তা মুখ্য নয়। “আজ থেকে কেউ এনসিপিতে এলে তিনি দলের সংগঠক ও কর্মী হিসেবে কাজ করবেন এবং দলের আদর্শ ধারণ করবেন,”—যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, যারা এনসিপির গঠনতন্ত্র অনুযায়ী “দায় ও দরদের রাজনীতি” এবং “বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ” প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করতে চান, তাদের নিয়েই দল এগিয়ে যেতে চায়।

তবে নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন, “ফ্যাসিবাদী কর্মকাণ্ড, গণহত্যা, চাঁদাবাজি বা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কেউ এনসিপিতে স্থান পাবে না।”

তিনি দাবি করেন, যারা আজ দলটিতে যোগ দিচ্ছেন, তারা মূলত একই রাজনৈতিক লক্ষ্য ও আকাঙ্ক্ষার অংশীদার ছিলেন, শুধু প্ল্যাটফর্ম ভিন্ন ছিল। এখন তারা আনুষ্ঠানিকভাবে একত্রিত হচ্ছেন।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, তরুণদের নেতৃত্বে নতুন কোনো স্বৈরতন্ত্রের উত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দাবি করেন, জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে এবং সেই রায় বাস্তবায়ন করাই এখন মূল লক্ষ্য হওয়া উচিত।

সংবাদ সম্মেলনে তিনি সারাদেশের তরুণ ও সাধারণ মানুষকে এনসিপিতে যোগ দিয়ে দলকে শক্তিশালী করার আহ্বান জানান।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন