ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও তিনি দেশটির সঙ্গে একটি শান্তি চুক্তি শিগগিরই সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন। একই তথ্য সাংবাদিক জোনাথন কার্ল-এর বরাত দিয়ে প্রকাশ করেছে এবিসি নিউজ।
কার্ল জানান, প্রেসিডেন্ট ট্রাম্প তার সঙ্গে আলাপকালে বলেছেন—যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ থাকলেও একটি শান্তি চুক্তি “হবেই”, তা সহজে বা কঠিনভাবে—যেভাবেই হোক না কেন।
এদিকে ট্রাম্প আরও জানান, আলোচনার অংশ হিসেবে মার্কিন প্রতিনিধিদল ইসলামাবাদ যাচ্ছে এবং সোমবার সন্ধ্যার মধ্যে সেখানে পৌঁছানোর কথা রয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র একটি “ন্যায্য ও যুক্তিসঙ্গত” প্রস্তাব দিচ্ছে এবং ইরান তা গ্রহণ করবে বলে তিনি আশা করছেন।
তবে সতর্কবার্তাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, প্রস্তাব প্রত্যাখ্যান করা হলে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো—বিশেষ করে বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো—ধ্বংস করতে দ্বিধা করবে না। আলোচনায় অগ্রগতি না হলে ইরানের সঙ্গে “ভদ্র আচরণের দিন শেষ” বলেও মন্তব্য করেন তিনি।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, একদিকে শান্তির বার্তা এবং অন্যদিকে কঠোর সামরিক হুঁশিয়ারি—এই দ্বৈত অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলতে পারে।

