খাল খনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আগামী ২৭ এপ্রিল যশোর এবং ২ মে সিলেট সফরের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
রোববার সচিবালয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে পানি সম্পদ খাতে চলমান কার্যক্রম, আসন্ন বর্ষা মৌসুমে বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
মন্ত্রী বলেন, বর্ষা ঘনিয়ে আসায় সম্ভাব্য বন্যা ও প্লাবন পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে খাল খনন, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং অন্যান্য অবকাঠামোগত পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পানি বিশেষজ্ঞ আইনুন নিশাত এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে পানি ব্যবস্থাপনা উন্নত করতে ধারাবাহিকভাবে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, যাতে বর্ষা মৌসুমে জনদুর্ভোগ কমানো যায়।

