ডেস্ক রিপোর্ট।।
দেশের বিভিন্ন অঞ্চলে চলমান মৃদু তাপপ্রবাহ আগামী দিনে আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে সংস্থাটি জানায়, আগামী ২৫-২৬ এপ্রিল পর্যন্ত রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগ-এর বড় অংশে তাপপ্রবাহ মাঝারি থেকে তীব্র রূপ নিতে পারে।
বিশেষ করে রাজশাহী, চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া এবং আশপাশের এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
সংস্থাটির তথ্যমতে, দেশের দক্ষিণ-পশ্চিম ও মধ্যাঞ্চলের একাধিক জেলায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। তালিকায় রয়েছে পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া, খুলনা, সাতক্ষীরা, ফরিদপুর, টাঙ্গাইল, বরিশালসহ আরও কয়েকটি জেলা।
তীব্র গরমে হিটস্ট্রোকসহ স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। এ সময় বিশেষভাবে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া পর্যাপ্ত পানি পান, ছায়াযুক্ত বা শীতল স্থানে থাকা এবং অতিরিক্ত ঠান্ডা পানীয় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হলে জনজীবনে প্রভাব বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, তাই আগাম সতর্কতা ও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে।

