সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সৌদি আরব-এ অবস্থানরত প্রায় ৬৯ হাজার রোহিঙ্গার মধ্যে এ পর্যন্ত ২২ হাজার জনকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে তার দপ্তরে ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান।
বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা, নিরাপত্তা, রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যু, পর্যটন এবং জ্বালানি খাতে বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠক সূত্র জানায়, সৌদি আরবে অবস্থানরত মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা)দের পাসপোর্ট প্রদানের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন রাষ্ট্রদূত। তিনি এ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ওপর জোর দেন।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে ইতোমধ্যে ২২ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়া হয়েছে। বাকি আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বাংলাদেশ থেকে একটি বিশেষ টিম পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, “যারা নির্ধারিত শর্ত পূরণ করবে, তাদের দ্রুত পাসপোর্ট দেওয়া হবে। তবে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে।” এ জন্য সৌদি আরব থেকে পূর্ণাঙ্গ তালিকা সংগ্রহ করে পুনরায় যাচাইয়ের নির্দেশনাও দেন তিনি।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ। জনশক্তি রফতানির পাশাপাশি জ্বালানি ও পর্যটন খাতে বিনিয়োগের বড় সম্ভাবনা রয়েছে।
এ সময় সৌদি রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণ করায় স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে তাকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে জানানো হয়, আগামী জুলাইয়ের প্রথমার্ধে মন্ত্রীর সৌদি সফরের সম্ভাবনা রয়েছে।

