চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে ৭৮.০৬৭ বিলিয়ন মার্কিন ডলার—জাতীয় সংসদে এমন তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, সরকারের পক্ষে বৈদেশিক ঋণ পরিশোধের দায়িত্ব পালন করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। প্রতি অর্থবছরে ঋণের আসল ও সুদ পরিশোধের জন্য সম্ভাব্য ব্যয় নির্ধারণ করে বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বৈদেশিক ঋণের বর্তমান পরিমাণ এবং তা পরিশোধে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চান। জবাবে অর্থমন্ত্রী জানান, নির্ধারিত বাজেট বরাদ্দ থেকে নিয়মিতভাবে ঋণ পরিশোধ করা হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯০.৬৬ মিলিয়ন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে।
সরকারের তথ্য অনুযায়ী, ঋণ পরিশোধ কার্যক্রম চলমান রয়েছে এবং প্রতি বছর বাজেট প্রক্রিয়ার মাধ্যমে এর জন্য অর্থ সংস্থান রাখা হচ্ছে।

