মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার অনুরোধ জার্মানির

ডেস্ক রিপোর্ট।।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইসলামাবাদে প্রস্তাবিত বৈঠকটি তেহরানের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে।

মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে তিনি এই মন্তব্য করেন। ওয়াডেফুলের মতে, গঠনমূলক সংলাপের মাধ্যমে দীর্ঘদিনের উত্তেজনা প্রশমিত করা সম্ভব এবং এটি ইরানের জনগণের স্বার্থেই জরুরি।

জার্মানির এই অবস্থান এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র সম্ভাব্য আলোচনায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে।

তবে এ বিষয়ে অনড় অবস্থানে রয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য ও সংসদ সদস্য মোহাম্মদ রেজা মোহসেনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসা সম্ভব নয়।

মেহের নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রকে অতিরিক্ত দাবিদার বলে অভিহিত করেন এবং অভিযোগ করেন, ওয়াশিংটন অভ্যন্তরীণ স্বার্থে গোপন উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করছে।

তিনি আরও বলেন, অতীতের অভিজ্ঞতা, সাম্প্রতিক উত্তেজনা এবং পারস্পরিক অবিশ্বাসের কারণে পরবর্তী দফার আলোচনা আপাতত স্থগিত রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন