রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

হামজাদের কোচের সংক্ষিপ্ত তালিকা করতে বিশেষ কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়োগে জোর তৎপরতা শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা-এর চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ইতোমধ্যে নতুন কোচের জন্য আবেদন আহ্বান করা হয়। এতে সাড়া দিয়ে দুই শতাধিক কোচ আবেদন জমা দিয়েছেন।

এত বিপুল সংখ্যক আবেদন থেকে যোগ্য প্রার্থী বাছাই করতে তিন সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে ফেডারেশন। কমিটিতে রয়েছেন কামরুল ইসলাম হিলটন, ছাইদ হাসান কানন এবং ইকবাল হোসেন। তারা চলতি সপ্তাহের মধ্যেই কোচদের সিভি যাচাই-বাছাই করে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করে জাতীয় দল কমিটির কাছে জমা দেবেন।

শুধু জাতীয় দলের হেড কোচ নয়, গোলরক্ষক কোচ ও যুব দলের কোচ নিয়োগের প্রক্রিয়াও একসঙ্গে চলছে। গোলরক্ষক কোচের জন্য প্রায় ৪০টি এবং যুব দলের কোচ পদের জন্যও উল্লেখযোগ্য সংখ্যক আবেদন জমা পড়েছে বলে জানা গেছে।

এই বাছাই প্রক্রিয়ায় সহায়তা করছেন টেকনিক্যাল ডাইরেক্টর সাইফুল বারী টিটু এবং টেকনিক্যাল বিভাগের অন্যান্য সদস্যরা। সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত হওয়ার পর প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। এরপর বেতন ও অন্যান্য শর্তে সমঝোতা হলে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।

উল্লেখ্য, আগামী ৫ জুন সান মারিনোতে জাতীয় দলের একটি প্রীতি ম্যাচ রয়েছে। সেই ম্যাচকে সামনে রেখে দ্রুত নতুন কোচ নিয়োগ দিতে সময়ের চাপেই রয়েছে বাফুফে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন