মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

যুক্তরাজ্যে ২০০৯ থেকে জন্ম নেওয়া কেউ জীবনে সিগারেট কিনতে পারবে না

ডেস্ক রিপোর্ট।।

যুক্তরাজ্যের সংসদে তামাক ও ভেপিং নিয়ন্ত্রণে একটি যুগান্তকারী বিল পাস হয়েছে, যার লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মকে ধূমপানের বাইরে রাখা। নতুন আইনে বলা হয়েছে, ২০০৯ সালের ১ জানুয়ারির পর জন্ম নেওয়া কেউ জীবনে কখনোই বৈধভাবে সিগারেট কিনতে পারবে না।

সংসদের দুই কক্ষ—হাউস অব কমন্স ও হাউস অব লর্ডস—বিলটির চূড়ান্ত খসড়ায় সম্মতি দিয়েছে। এখন কেবল রাজকীয় অনুমোদন পেলেই এটি আইনে পরিণত হবে। আইন কার্যকর হলে সরকার তামাকজাত পণ্য, ভেপিং ডিভাইস ও নিকোটিন পণ্যের স্বাদ, প্যাকেজিং এবং বিপণনে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে পারবে।

সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য একটি ‘স্মোক-ফ্রি জেনারেশন’ তৈরি করা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ধূমপান এখনও দেশটিতে প্রতিরোধযোগ্য মৃত্যু, দীর্ঘমেয়াদি অসুস্থতা এবং অক্ষমতার অন্যতম প্রধান কারণ।

নতুন আইনে ভেপিংয়ের ওপরও নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। স্কুলের আশপাশ, খেলার মাঠ, হাসপাতালের বাইরে এবং শিশু বহনকারী গাড়ির নিকটে ভেপিং নিষিদ্ধ করা হয়েছে। তবে ধূমপান ছাড়তে ইচ্ছুক ব্যক্তিদের জন্য নির্দিষ্ট কিছু এলাকায় ভেপিংয়ের সুযোগ রাখা হয়েছে। ব্যক্তিগত স্থান, যেমন বাড়ি বা খোলা কিছু জায়গা এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

স্বাস্থ্য ও সমাজকল্যাণমন্ত্রী ওয়েস স্ট্রিটিং এই পদক্ষেপকে দেশের জনস্বাস্থ্যের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে, হাউস অব লর্ডসে বক্তব্য দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী ব্যারনেস মেরন বলেন, এই আইন এক প্রজন্মের মধ্যে সবচেয়ে বড় জনস্বাস্থ্য উদ্যোগগুলোর একটি এবং এটি দীর্ঘমেয়াদে অসংখ্য প্রাণ রক্ষা করবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন