ট্যাক্স-ফ্রি গাড়ি বা প্লট সুবিধা গ্রহণ না করে সংসদ সদস্যদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি ব্যবহারের প্রস্তাব দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
বুধবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৯তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “ট্যাক্স-ফ্রি গাড়ি আমরা নেব না। প্লট সুবিধাও আমরা নেব না।” তিনি উল্লেখ করেন, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি)সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা যেভাবে দায়িত্ব পালনের জন্য সরকারি গাড়ি পান, সংসদ সদস্যদের ক্ষেত্রেও অনুরূপ ব্যবস্থা করা যেতে পারে।
তিনি প্রস্তাব করেন, সংসদ সদস্যরা দায়িত্বে থাকা পর্যন্ত সরকারি মালিকানাধীন একটি গাড়ি ব্যবহার করবেন এবং মেয়াদ শেষে সেটি সরকারে ফেরত যাবে। এতে অতিরিক্ত আর্থিক চাপও কমবে বলে তিনি মত দেন।
এমপি আরও বলেন, বর্তমানে সংসদ সদস্যদের গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য মাসিক প্রায় ৭০ হাজার টাকা বরাদ্দ থাকলেও তাদের নিজস্ব কোনো সরকারি গাড়ি নেই। এই বাস্তবতায় সরকারি গাড়ি ব্যবহারের প্রস্তাবটি যুক্তিযুক্ত বলে তিনি মনে করেন।
তিনি স্পষ্ট করে বলেন, পূর্ববর্তী বক্তব্যে তিনি কোনো ট্যাক্স-ফ্রি গাড়ির দাবি করেননি। বরং এ ধরনের সুবিধা গ্রহণ না করার বিষয়ে সংসদের সব সদস্য ঐকমত্যে পৌঁছেছেন বলে জানান। তার ভাষায়, ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যরা এ ক্ষেত্রে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

