রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

কোরবানির নিয়ত করা পশু পরিবর্তন করা যাবে কি?

ডেস্ক রিপোর্ট।।

কোরবানির সময় ঘনিয়ে এলে অনেকের মনেই প্রশ্ন জাগে—আগে থেকে নির্ধারিত পশু পরিবর্তন করা যাবে কি না। বিশেষ করে যারা বাড়িতে গৃহপালিত পশু রাখেন এবং পরে কোরবানির নিয়ত করেন, তাদের মধ্যে এ নিয়ে দ্বিধা দেখা যায়।

ইসলামি বিধান অনুযায়ী, যদি কোনো ব্যক্তি নিজের পালিত পশুকে কোরবানির নিয়ত করেন, তবে সেই পশুটিই কোরবানি করা তার জন্য বাধ্যতামূলক নয়। তিনি চাইলে অন্য কোনো পশু কোরবানি করতে পারেন কিংবা পূর্বের পশুটি বিক্রিও করে দিতে পারেন। এই ক্ষেত্রে ব্যক্তি ধনী বা দরিদ্র—যে অবস্থারই হোন না কেন, তার জন্য নির্দিষ্ট সেই পশুই কোরবানি করা জরুরি হয় না।

তবে বিষয়টি ভিন্ন হয়ে যায়, যদি কোনো পশু শুরু থেকেই কোরবানির নিয়তে কেনা হয়। কোরবানি ওয়াজিব এমন ব্যক্তি যদি এ উদ্দেশ্যে পশু ক্রয় করেন, পরে সেটি পরিবর্তন করতে চাইলে তার ওপর শর্ত আরোপ হয়। তিনি চাইলে পশুটি বিক্রি করতে বা রেখে দিতে পারেন, কিন্তু এর পরিবর্তে সমমানের বা তার চেয়ে উত্তম পশু কোরবানি করা তার জন্য আবশ্যক।

এক্ষেত্রে বিশেষভাবে খেয়াল রাখতে হবে—নতুন পশুর মূল্য যেন আগেরটির চেয়ে কম না হয়। যদি কম হয়, তবে সেই পার্থক্য পরিমাণ অর্থ সদকা (দান) করতে হবে।

অন্যদিকে, যার ওপর কোরবানি ওয়াজিব নয়, তিনি যদি কোরবানির উদ্দেশ্যে পশু ক্রয় করেন, তাহলে সেই পশুটি কোরবানি করা তার জন্য আবশ্যক হয়ে যায়। এ অবস্থায় পশুটি বিক্রি করা বা রেখে দেওয়া জায়েজ নয়। নির্ধারিত বছরে কোরবানি না করলে, কোরবানির দিন শেষ হওয়ার পর পশুটি দান করে দিতে হবে।

সব মিলিয়ে, কোরবানির পশু পরিবর্তনের বিষয়টি নির্ভর করে নিয়তের ধরন ও আর্থিক অবস্থার ওপর। তাই এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক মাসআলা জেনে নেওয়াই উত্তম।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন