মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

হরমুজ থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান

ডেস্ক রিপোর্ট।।

আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি থেকে দুটি বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে ইরানের নৌবাহিনী। বুধবারের এই ঘটনাটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

জব্দ হওয়া জাহাজগুলোর একটি লাইবেরিয়ার পতাকাবাহী ‘এপামিনোন্দাস’ এবং অন্যটি পানামার পতাকাবাহী ‘এমএসসি ফ্রান্সেস্কা’। গ্রিসভিত্তিক সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা টেকনোমার শিপিং এপামিনোন্দাস জব্দের বিষয়টি নিশ্চিত করেছে।

জাহাজটির পরিচালনাকারী কর্তৃপক্ষ জানিয়েছে, ওমান উপকূল থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে অবস্থানকালে ইরানি নৌবাহিনীর গুলির মুখে পড়ে জাহাজটি। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

অন্যদিকে ‘এমএসসি ফ্রান্সেস্কা’ বিশ্বের অন্যতম বৃহৎ কন্টেইনার পরিবহন কোম্পানি এমএসসি -এর মালিকানাধীন। জাহাজটি জব্দের ঘটনায় প্রতিষ্ঠানটি এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনীর অভিজাত ইউনিট ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, যথাযথ অনুমতি ছাড়াই হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করায় জাহাজ দুটি জব্দ করা হয়েছে।

প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে সংযুক্ত করেছে। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের একটি বড় অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়, ফলে সাম্প্রতিক এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারে উদ্বেগ বাড়তে পারে।

উল্লেখ্য, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ জোরদার করেছে এবং চলাচলের ক্ষেত্রে বিশেষ অনুমতির বাধ্যবাধকতা আরোপ করেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন