রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

তিন ভিন্ন চরিত্রে পর্দায় ফিরছেন আয়ুষ্মান খুরানা

ডেস্ক রিপোর্ট।।

বলিউডে গত এক দশকে দর্শকদের রুচিতে এসেছে বড় পরিবর্তন। গ্ল্যামারনির্ভর সিনেমার বাইরে এখন তারা খুঁজছেন বাস্তবধর্মী ও গল্পভিত্তিক কাজ। আর এই ধারার অন্যতম সফল মুখ আয়ুষ্মান খুরানা। ভিন্নধর্মী চরিত্র ও গল্পনির্ভর সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি ইতোমধ্যেই নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন।

২০২৬ সালে এই অভিনেতাকে দেখা যাবে তিনটি ভিন্ন ঘরানার ছবিতে—‘পতি পত্নী অউর ও দো’, ‘উড়তা তীর’ এবং ‘ইয়ে প্রেম মোল লিয়া’। প্রতিটি সিনেমাতেই তিনি হাজির হচ্ছেন আলাদা স্বাদের চরিত্র নিয়ে।

‘পতি পত্নী অউর ও দো’ ছবিতে সম্পর্কের টানাপড়েন, ভুল বোঝাবুঝি এবং দাম্পত্য জীবনের নানা দিক হালকা মেজাজে তুলে ধরা হয়েছে। গল্পটি বিনোদনের পাশাপাশি বাস্তব জীবনের প্রতিফলন ঘটাবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে ‘উড়তা তীর’ সিনেমায় দেখা যাবে একেবারেই ভিন্ন এক আয়ুষ্মানকে। তার পরিচিত ধারা থেকে বেরিয়ে গিয়ে এই ছবিতে তিনি নতুন ধরনের চরিত্রে অভিনয় করেছেন, যা দর্শকদের জন্য হতে পারে চমক।

আর ‘ইয়ে প্রেম মোল লিয়া’ একটি পারিবারিক গল্পনির্ভর সিনেমা, যেখানে ভারতীয় সংস্কৃতি, পারিবারিক মূল্যবোধ এবং সম্পর্কের গভীরতা ফুটে উঠবে।

চরিত্র নির্বাচন প্রসঙ্গে আয়ুষ্মান খুরানা বলেন, তিনি কোনো নির্দিষ্ট ছক মেনে কাজ বেছে নেন না। একজন দর্শক হিসেবে যে গল্প তাকে স্পর্শ করে, সেটিকেই তিনি প্রাধান্য দেন। একই বছরে তিনটি ভিন্ন চরিত্রে অভিনয় করা যেমন রোমাঞ্চকর, তেমনি এটি তার কাছে বড় দায়িত্বও।

এই তিনটি ছবির প্রযোজনায় যুক্ত আছেন বলিউডের প্রভাবশালী নির্মাতারা—ভূষণ কুমার, করণ জোহর এবং সুরজ বরজাতিয়া। তাদের অভিজ্ঞতা ও পরিকল্পনায় ছবিগুলো দর্শকপ্রিয়তা পাওয়ার পাশাপাশি বক্স অফিসেও সফল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন