মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল

ডেস্ক রিপোর্ট।।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে চলমান আলোচনায় “উল্লেখযোগ্য অগ্রগতির সম্ভাবনা” তৈরি হয়েছে।

এর আগে শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার টেলিফোনে কথা বলেন। উভয় দেশই এই যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছে।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফোনালাপে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের প্রেক্ষাপটে চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে। ইসহাক দার সংলাপ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে আরাগচি, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আরাগচি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির-এর সঙ্গেও ফোনে কথা বলেছেন। তবে এ বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী বা সরকারি পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় ২১ ঘণ্টাব্যাপী আলোচনা হলেও তা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এরপর দ্বিতীয় দফার বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও এখনো তা নিশ্চিত হয়নি।

এদিকে সম্ভাব্য বৈঠককে সামনে রেখে পাকিস্তান নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। রাজধানী ইসলামাবাদ ও পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডি-তে বাড়ানো হয়েছে নজরদারি। পাশাপাশি কূটনৈতিক প্রস্তুতির অংশ হিসেবে হোটেল বুকিংসহ অন্যান্য ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন