ভিজিট ভিসাধারী হজযাত্রীদের অবৈধভাবে আশ্রয় বা পরিবহন সহায়তা দিলে কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ ১ লাখ রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ লাখ ৭০ হাজার টাকা) পর্যন্ত জরিমানা করা হবে।
গতকাল এক লিখিত ঘোষণায় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যারা ভিজিট ভিসায় আসা হজযাত্রীদের হোটেল, অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত বাসভবন বা অন্য কোনো স্থানে থাকার ব্যবস্থা করবেন, তারা এই জরিমানার আওতায় পড়বেন। একই সঙ্গে অনুমোদন ছাড়া কাউকে মক্কা বা পবিত্র স্থানগুলোতে অবস্থান করতে সহায়তা করলেও একই শাস্তি প্রযোজ্য হবে।
ঘোষণায় আরও বলা হয়, হজ মৌসুম—জিলকদ মাসের শুরু থেকে জিলহজ মাসের মাঝামাঝি পর্যন্ত—এই নিয়ম কার্যকর থাকবে।
হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো মুসল্লি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। দীর্ঘদিন ধরেই শুধুমাত্র হজ ভিসাধারীদের জন্য নির্ধারিত নিয়মে হজ পালনের নির্দেশনা দিয়ে আসছে দেশটি।
সৌদি কর্তৃপক্ষ জানায়, কিছু ব্যক্তি ভিজিট ভিসায় প্রবেশ করে হজ পালনের চেষ্টা করেন, যা অবৈধ হিসেবে গণ্য হয়। এ কারণে প্রতি বছর অনেককে দেশে ফেরত পাঠানো হয়।
এবারের নির্দেশনায় নাগরিকদেরও সহযোগিতা চেয়েছে সরকার। কোনো ব্যক্তি অবৈধ হজযাত্রীর অবস্থান বা আশ্রয় সংক্রান্ত তথ্য জানলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে।
সূত্র: গালফ নিউজ

