বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

জ্বালানি দাম বাড়লেও দ্রব্যমূল্যে বড় প্রভাব পড়বে না: বস্ত্র ও পাটমন্ত্রী

ডেস্ক রিপোর্ট।।

জ্বালানির দাম বৃদ্ধির ফলে দ্রব্যমূল্যে উল্লেখযোগ্য প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় নারায়ণগঞ্জের জিয়া হল প্রাঙ্গণে বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, সাম্প্রতিক জ্বালানি মূল্যবৃদ্ধি নিয়ে কিছু উদ্বেগ তৈরি হলেও বাস্তব হিসাবে এর প্রভাব তুলনামূলকভাবে সীমিত। তিনি উদাহরণ দিয়ে বলেন, একটি ট্রাক ২০০ কিলোমিটার পথ অতিক্রমে প্রায় ৩০ লিটার ডিজেল ব্যবহার করে, যার ফলে অতিরিক্ত ব্যয় হয় প্রায় ৪৫০ টাকা। এতে প্রতি কেজি পণ্যে বাড়তি খরচ দাঁড়ায় প্রায় ৪৫ পয়সা, যা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রধান কারণ হতে পারে না।

তিনি আরও বলেন, বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধির পেছনে অনেক সময় গুজব ও ভুল তথ্য কাজ করে। এ বিষয়ে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে যাচাই করা তথ্য প্রচারের আহ্বান জানান তিনি।

রপ্তানি খাতে বর্তমান মন্দাভাব প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি হঠাৎ সৃষ্টি হয়নি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি বৈশ্বিক বাণিজ্যে প্রভাব ফেলেছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার এলএনজি আমদানি সক্ষমতা বৃদ্ধি ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে বলে তিনি জানান।

পাটখাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দেশে পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ক্র্যাশ প্রোগ্রাম নেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি দপ্তরে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে গতি আসে এবং পলিথিনের ব্যবহার কমে।

তিনি আরও বলেন, কাঁচা পাট রপ্তানির পরিবর্তে পাটজাত পণ্য রপ্তানি করলে বেশি মূল্য সংযোজন সম্ভব এবং কর্মসংস্থানও বাড়বে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, পাট অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. নুরুল বাসির এবং অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মো. রাহমান।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন