মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

সোমালিয়ার উপকূল থেকে তেলবাহী ট্যাংকার ছিনতাই

ডেস্ক রিপোর্ট।।

আফ্রিকার শৃঙ্গ অঞ্চলে আবারও জলদস্যু তৎপরতার আশঙ্কা বাড়ছে। ইউকেএমটিও জানিয়েছে, সোমালিয়ার উপকূলে একটি তেলবাহী ট্যাংকার ছিনতাই করে দেশটির জলসীমার ভেতরে নিয়ে যাওয়া হয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, সোমালিয়ার মারেয়ো শহরের উত্তর-পূর্বে জাহাজটি দখল করা হয়। পরে সশস্ত্র অননুমোদিত ব্যক্তিরা ট্যাংকারটির নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে প্রায় ৭৭ নটিক্যাল মাইল দক্ষিণে সোমালিয়ার জলসীমায় প্রবেশ করায়।

ঘটনার পরপরই সোমালিয়ার সরকারি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিশ্লেষকরা বলছেন, এ ধরনের ঘটনা আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করছে।

বিশেষজ্ঞদের মতে, লোহিত সাগর অঞ্চলের কৌশলগত গুরুত্ব সাম্প্রতিক সময়ে বেড়েছে। কারণ, হরমুজ প্রণালি ঘিরে ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বিকল্প নৌপথ হিসেবে এই রুটের ওপর নির্ভরতা বাড়ছে।

সোমালিয়া দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অস্থিতিশীলতা ও নিরাপত্তা সংকটে ভুগছে। একদিকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলগুলোর সমন্বয়হীনতা, অন্যদিকে আল-শাবাব-এর মতো জঙ্গি গোষ্ঠীর হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

উল্লেখ্য, ২০১১ সালের দিকে সোমালিয়ার উপকূলে জলদস্যুতা চরম আকার ধারণ করেছিল। পরবর্তীতে আন্তর্জাতিক নৌবাহিনীর টহল জোরদার হওয়ায় পরিস্থিতির উন্নতি হয়। তবে সাম্প্রতিক ঘটনাগুলো আবারও সেই ঝুঁকি ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে।

ইউকেএমটিও আরও জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে একই অঞ্চলে একাধিক হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি সোমালি পতাকাবাহী মাছ ধরার নৌকা ১১ জন সশস্ত্র ব্যক্তির হাতে ছিনতাইয়ের ঘটনা রয়েছে। পাশাপাশি আরেকটি তেলবাহী জাহাজেও অস্ত্রধারীরা ওঠার চেষ্টা করেছে।

 

সূত্র: এএফপি

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন