দীর্ঘ সংঘাত ও মানবিক সংকটে বিপর্যস্ত গাজা উপত্যকা-এ সামান্য স্বস্তি ও আনন্দের বার্তা নিয়ে অনুষ্ঠিত হয়েছে ৩০০ যুগলের এক গণবিয়ে।
গত শুক্রবার (২৪ এপ্রিল) মধ্য গাজায় আয়োজিত এই অনুষ্ঠানে সহযোগিতা করে সংযুক্ত আরব আমিরাত। স্থানীয় সূত্র ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিয়ের এই আয়োজন ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায় সাধারণ মানুষের মধ্যে।
অনুষ্ঠানে নবদম্পতিদের পরিবারের সদস্য, স্থানীয় নেতৃবৃন্দ, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিসহ প্রায় ২০ হাজার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অর্থনৈতিক সংকটে বিয়ে করতে না পারা তরুণ-তরুণীদের সহায়তার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই গণবিয়ে আয়োজন করা হয় আমিরাতের একটি বিশেষ সামাজিক উদ্যোগ ‘গালান্ত নাইট ৩’ কর্মসূচির আওতায়। কয়েক হাজার আবেদনকারীর মধ্য থেকে যাচাই-বাছাই করে ৩০০ যুগলকে নির্বাচিত করা হয়। গত ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছিল।
আয়োজকরা জানান, অবিবাহিত এবং আর্থিকভাবে অস্বচ্ছলদের অগ্রাধিকার দিয়ে এই আয়োজন করা হয়েছে। বিয়ের পাশাপাশি নবদম্পতিদের বিভিন্ন উপহার ও সহায়তাও প্রদান করা হয়।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে বিয়ে সম্পন্ন করা হয়। পুরো আয়োজনজুড়ে ফিলিস্তিনি সংস্কৃতির ছোঁয়া ছিল স্পষ্ট। একইসঙ্গে ফিলিস্তিন ও আমিরাতের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
বিশ্লেষকদের মতে, চলমান সংকটের মধ্যেও এ ধরনের আয়োজন স্থানীয় মানুষের মনে আশার সঞ্চার করে এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে।
সূত্র: গালফ নিউজ

