রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

প্রথমবার এশিয়ান গেমসের হকিতে বাংলাদেশের মেয়েরা

ডেস্ক রিপোর্ট।।

বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আসর এশিয়ান গেমস-এ প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী হকি দল। ১৯৭৮ সাল থেকে নিয়মিত অংশগ্রহণ করলেও এতদিন শুধু পুরুষ দলই এই আসরে খেলেছে।

চলতি বছর জাপানের আইচি-নাগোয়াতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে এবারই প্রথম দেখা যাবে বাংলাদেশের নারী হকি দলকে।

এশিয়ান গেমসে অংশগ্রহণের লক্ষ্যে এশিয়ান হকি ফেডারেশন আয়োজিত বাছাই টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জাকার্তা-তে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ‘এ’ গ্রুপের শীর্ষ দুই দলের একটি হয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি এশিয়ান গেমসের টিকিটও নিশ্চিত করেছে দলটি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকং-এর বিপক্ষে ২-১ গোলের জয় পায় বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচে তাদের সংগ্রহ দাঁড়ায় ৭ পয়েন্টে।

ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও পরে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সমতায় ফেরার পর তৃতীয় কোয়ার্টারে কনার গোলে এগিয়ে যায় দল। শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রেখে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় জাহিদ হোসেন রাজুর শিষ্যরা।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে চাইনিজ তাইপে-এর সঙ্গে ৫-৫ গোলে ড্র করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তান-কে ২-১ গোলে হারিয়ে অভিষেক জয় পায় দলটি।

উল্লেখ্য, বাংলাদেশে হকির দীর্ঘ ইতিহাস থাকলেও এতদিন কোনো সিনিয়র নারী জাতীয় দল ছিল না। সম্প্রতি দল গঠন করে আন্তর্জাতিক অঙ্গনে অংশ নেয় বাংলাদেশ। প্রথম অংশগ্রহণেই এশিয়ান গেমসে জায়গা করে নিয়ে দেশের নারী হকিতে নতুন দিগন্তের সূচনা করল এই দল।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন