বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

৩৪ হাজার টন জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে চীনা জাহাজ

ডেস্ক রিপোর্ট।।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ৩৪ হাজার টন জেট ফুয়েল (বিমানের জ্বালানি) নিয়ে চীনের পতাকাবাহী ট্যাংকার শিং তং ৭৯৯ পৌঁছেছে।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে জাহাজটি বহির্নোঙরে আসে। ১৮২ দশমিক ৫ মিটার দীর্ঘ জাহাজটির ড্রাফট বেশি হওয়ায় এটি সরাসরি বন্দরের জেটিতে ভিড়তে পারেনি। ফলে কুতুবদিয়া সংলগ্ন গভীর সমুদ্রে লাইটার জাহাজের মাধ্যমে জ্বালানি খালাস শুরু করা হয়েছে।

জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস-এর ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম জানান, প্রথমে কিছু অংশ খালাস করে জাহাজের ড্রাফট কমানো হবে। এরপর সেটিকে বন্দরের জেটিতে আনা সম্ভব হবে।

এর আগে ১৪ এপ্রিল সিঙ্গাপুর থেকে ১১ হাজার টন জেট ফুয়েল নিয়ে এমটি গ্রেট প্রিন্সেস চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।

এছাড়া জ্বালানি সরবরাহ কার্যক্রমের ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে আরও কয়েকটি ট্যাংকার বন্দরে এসেছে। এর মধ্যে দুবাই থেকে ৩৫ হাজার ৫৫ টন ডিজেল নিয়ে প্রিভে অ্যাঞ্জেল এবং তাইওয়ান থেকে ৩৩ হাজার ৪০০ টন ডিজেল নিয়ে পাকিস্তানি পতাকাবাহী এমটি কোয়েটা বহির্নোঙরে পৌঁছায়।

সংশ্লিষ্টরা বলছেন, একের পর এক জ্বালানি তেলবাহী জাহাজ আগমনের ফলে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়তা করবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন