মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

যুদ্ধ বন্ধে ৩ ধাপের নতুন প্রস্তাব দিলো ইরান

ডেস্ক রিপোর্ট।।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে ইরান। দেশটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত নিরসনে তিন ধাপের একটি প্রস্তাব দিয়েছে, যা ইতোমধ্যে মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে পৌঁছেছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

ইরানের প্রস্তাব অনুযায়ী, প্রথম ধাপে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে এবং ভবিষ্যতে ইরান ও লেবাননে আর কোনো আগ্রাসী হামলা না চালানোর নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে।

দ্বিতীয় ধাপে গুরুত্ব পাচ্ছে বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা। এই ধাপে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে একটি প্রশাসনিক কাঠামো নির্ধারণের কথা বলা হয়েছে।

তৃতীয় ধাপে, পূর্বের দুই স্তরে সমঝোতা হলে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করার প্রস্তাব রাখা হয়েছে।

এদিকে মার্কিন প্রশাসন এ বিষয়ে প্রকাশ্যে কোনো বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি সংবেদনশীল কূটনৈতিক আলোচনার অংশ। তবে তারা পুনর্ব্যক্ত করেছে যে, এমন কোনো চুক্তিতে যুক্তরাষ্ট্র সম্মত হবে না, যা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ করে দেয়।

এর আগে, গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ২১ ঘণ্টাব্যাপী আলোচনা হলেও তা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।

প্রথম দফা সংলাপ ব্যর্থ হওয়ার পর পাকিস্তানসহ একাধিক দেশ দ্বিতীয় দফা আলোচনার আহ্বান জানালেও, সরাসরি বৈঠকে বসার বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে সরাসরি বৈঠকের বদলে ফোনালাপের মাধ্যমেই আলোচনা এগোতে পারে।

বিশ্লেষকরা বলছেন, ইরানের এই প্রস্তাব মূলত ধাপে ধাপে আস্থা তৈরির কৌশল, যেখানে নিরাপত্তা ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিয়ে পরে জটিল ইস্যুগুলো আলোচনায় আনার চেষ্টা করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের অবস্থান ভিন্ন হওয়ায় দ্রুত অগ্রগতি কতটা সম্ভব হবে, তা এখনো অনিশ্চিত।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন