পাকিস্তান ও ওমান সফরের পর এবার রাশিয়ায় গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সেন্ট পিটার্সবার্গে নামার পরপরই স্থানীয় সাংবাদিকদের সামনে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেন তিনি। আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে।
আরাগচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা একটি ফারসি সাক্ষাৎকারে জানা যায়, তিনি সেন্ট পিটার্সবার্গে রুশ মিত্রদের সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। কোন কোন শর্তে আলোচনা অব্যাহত রাখা সম্ভব, সেই প্রশ্নও উঠে এসেছে বৈঠকে।
বর্তমানে ইরানের হরমুজ প্রণালি বন্ধ রাখার বিষয়টিও সাংবাদিকদের সামনে তুলে ধরেন আরাগচি। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথে নিরাপদ চলাচল একটি বৈশ্বিক ইস্যু এবং ওমানসহ প্রতিবেশী দেশগুলোকে পারস্পরিক স্বার্থ রক্ষায় ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
আরাগচি জানান, হরমুজ প্রণালি ইস্যুতে ইরান ও ওমানের মধ্যে অনেক বিষয়ে মিল রয়েছে এবং পরবর্তী আলোচনার বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তিও সম্পন্ন হয়েছে।

